ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্র মাহিম নিহত

ধামরাইয়ে ইটভাটার ট্রাকের চাপায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্র মাহিম নিহত
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় ইটভাটার একটি ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮০:৩০ এর দিকে ধাইরা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মোঃ এখলাসের ছেলে এবং স্থানীয় আশাবোন মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাহিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ধাইরা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইটভাটার ইটবোঝাই ট্রাক দ্রুতগতিতে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে এলাকায় মানুষ অভিযোগ করেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউর হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার ও সড়কে ভারী যানবাহনের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



