তারেক রহমানের উদ্যোগে বগুড়া-৬ আসনে পরিবেশবান্ধব ভোট প্রচারণা: বনকাগজে ছাপা লিফলেটে নতুন দৃষ্টান্ত

তারেক রহমানের উদ্যোগে বগুড়া-৬ আসনে পরিবেশবান্ধব ভোট প্রচারণা: বনকাগজে ছাপা লিফলেটে নতুন দৃষ্টান্ত
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)বগুড়া-৬ (বগুড়া সদর) সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে তারেক রহমানের ভোটের প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব নির্বাচনী লিফলেট, যা ‘বনকাগজ’ নামে পরিচিত। পরিবেশ সচেতন এই উদ্যোগ ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
বনকাগজে তৈরি এই লিফলেটের বিশেষত্ব হলো—এটি ব্যবহারের পর যেখানেই মাটিতে পড়ুক বা ফেলে দেওয়া হোক না কেন, সেখান থেকেই জন্ম নিতে পারে সবজি গাছ। টমেটো, মরিচ কিংবা বিভিন্ন শাকজাতীয় গাছ জন্মানোর সক্ষমতা রয়েছে এই লিফলেটের মধ্যে। ফলে একদিকে যেমন নির্বাচনী প্রচারণা হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি সবুজায়নের পথও তৈরি হচ্ছে।
রাজনৈতিক প্রচারণায় কাগজের অপচয় ও পরিবেশ দূষণ একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় বনকাগজের মতো বিকল্প ব্যবহারের উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল। এটি শুধু অভিনব নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি টেকসই ও দায়িত্বশীল দৃষ্টান্তও বটে।
অনেকে মনে করছেন, রাজনীতিতে এমন ইতিবাচক প্রতিযোগিতা আরও বাড়া প্রয়োজন। প্রতিপক্ষ দলগুলোও যদি পরিবেশবান্ধব প্রচারণার দিকে এগিয়ে আসে, তাহলে নির্বাচনী সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হবে এবং পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।



