আশুলিয়ায় ময়লার গাড়ির মালিকের বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

আশুলিয়ায় ময়লার গাড়ির মালিকের বিরুদ্ধে নারী নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

সাব্বির মৃধা(নিজস্ব প্রতিনিধি)ঢাকা জেলার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি এলাকায় ময়লার গাড়ির মালিক শেখ মো. হানিফের বিরুদ্ধে এক তরুণীকে অমানুষিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছা. সোনিয়া সরকার (২২) নিজেই সামনে এসে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।
ভুক্তভোগী সোনিয়া সরকার জানান, তিনি মন্নান সরকারের মেয়ে। অভিযুক্ত শেখ মো. হানিফ কৌশল ও হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, তিনি সম্পর্ক ছিন্ন করতে চাইলে অভিযুক্ত তাকে মারধর করে এবং একাধিকবার হত্যার হুমকি দেয়। সর্বশেষ হত্যার উদ্দেশ্যে গুরুতর নির্যাতন চালানো হলে কোনোভাবে প্রাণে বেঁচে যান তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে আনেন ভুক্তভোগী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রভাবশালীরা বারবার আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে—এটি বন্ধ হওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ মো. হানিফের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণমানুষের কথা বলে